ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত

নগরের আকবর শাহ থানা এলাকায় ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে নুরুল আফসার (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। 

আহত আফসার নগরের উত্তর কাট্টলি এলাকার বশির মোহাম্মদ বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নুরুল আলম।  

পুলিশ সূত্র জানায়, নুরুল আফসার ভোটকেন্দ্রে যাওয়ার পথে স্থানীয় কিছু যুবকের সঙ্গে তিনি কোন প্রতীকে ভোট দেবেন এ বিষয়টি নিয়ে কথাকাটাকাটিতে জড়ান। তর্কাতর্কির একপর্যায়ে আফসারকে ছুরিকাঘাত করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় ইমন এবং তার ছোট ভাই নুরুল আফসারকে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি কেয়ার ইউনিটে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি দেন।