ম্যানসিটির দাপুটে জয়, লিভারপুলের স্বস্তির তিন পয়েন্ট

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে বড় প্রভাব ফেলেছে তিনটি ম্যাচ। ফুলহ্যামকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি, সান্ডারল্যান্ডের মাঠে কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল। আর অ্যাস্টন ভিলা ব্রাইটনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়েছে।

ইতিহাদ স্টেডিয়ামে ফুলহ্যামকে ৩–০ গোলে হারিয়ে লিগ শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে এনেছে ম্যানচেস্টার সিটি। 
ম্যাচের প্রথমার্ধেই কার্যত কাজ সেরে ফেলে পেপ গার্দিওলার দল। ২৪ মিনিটে সিটির হয়ে গোলের সূচনা করেন অ্যান্টনি সেমেনিও। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো ও’রেইলি। ৩৯ মিনিটে তৃতীয় গোলটি করেন আর্লিং হলান্ড। প্রথমার্ধের এই তিন গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

চলতি মৌসুমে বোর্নমাউথ থেকে দলে আসার পর দারুণ ছন্দে থাকা সেমেনিও গত আট ম্যাচে নিজের পঞ্চম গোল করলেন। সিটি যদি শেষ পর্যন্ত শিরোপা জেতে, তাঁর এই ফর্ম বড় ভূমিকা রাখতে পারে বলেই মনে করা হচ্ছে। ম্যাচ শেষে সেমেনিও বলেন, ‘আমরা আবার আর্সেনালের ওপর চাপ তৈরি করতে পেরেছি। এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে তাদের ম্যাচে কী হয়।’ বৃহস্পতিবার ২৬তম রাউন্ডে ব্রেন্টফোর্ডের সঙ্গে ম্যাচ খেলেছে আর্সেনাল। জিতলে সিটির সঙ্গে ব্যবধান বেড়ে দাড়াবে ৬। 

যেনো নিজেই গোল করেছেন পেপ গার্দিওলা

সান্ডারল্যান্ডের দুর্গ ভেঙে লিভারপুলের বড় স্বস্তি

ম্যানচেস্টার সিটির কাছে হারের পর দ্রুত ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। সান্ডারল্যান্ডের মাঠে ১–০ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে আর্নে স্লটের দল।
ম্যাচের ৬১ মিনিটে মোহাম্মদ সালাহর নেওয়া কর্নার থেকে হেডে একমাত্র গোলটি করেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ম্যাচ শেষে ফন ডাইক বলেন, ‘এই তিন পয়েন্ট আমাদের জন্য অনেক বড়। সামনে এখনো ১২টি ম্যাচ বাকি। আমাদের ধারাবাহিকতা খুঁজে পেতেই হবে।’

হেডে লিভারপুলের জন্য স্বস্তির গোল করেন ভ্যান ডাইক (৪ নম্বর জার্সি)

এই জয়ে লিভারপুল লিগ টেবিলে ষষ্ঠ স্থানেই আছে। তবে পাঁচ নম্বরে থাকা চেলসির থেকে তারা এখন মাত্র দুই পয়েন্ট পিছিয়ে এবং চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে তিন পয়েন্ট দূরে। ৫০ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাস্টান ভিলা। হার ও ড্রয়ের পর জয়ে ফিরেছে তারা। ভিলা পার্কে ব্রাইটনের বিপক্ষে ১–০ গোলের জয় তাদের জন্য ছিল খুব প্রয়োজনীয়। ম্যাচের ৮৬ মিনিটে ব্রাইটনের ডিফেন্ডার জ্যাক হিনশেলউডের আত্মঘাতী গোলেই জয়ের দেখা পায় উনাই এমেরির দল।

এই ব্রাইটনের হয়ে খেলতে নেমে প্রিমিয়ার লিগে সর্বাধিক ৬৫৩ ম্যাচ খেলার গ্যারেথ ব্যারির সর্বকালের রেকর্ডে ভাগ বসিয়েছেন জেমস মিলনার। লিগের আরো ১২ রাউন্ড বাকি। এটা নিশ্চিত রেকর্ডটা একক করে নেবেন ৪০ বছর বয়সী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত