বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ২১টি রামদা উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান মেহেন্দিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন আদিন।
তিনি বলেন, কেন্দ্রে নাশকতার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র মজুদের তথ্য পেয়ে সেনাবাহিনী সেখানে অবস্থান নেয়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা কেন্দ্রের পাশের একটি লাউয়ের ঝাঁকার নিচে অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রামদাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন বলেন, জেলার সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রার্থীদের কাছ থেকে হাতে গোনা কয়েকটি অভিযোগ পাওয়া গেলেও পরে সমাধান করা হয়েছে।
এছাড়া বরিশাল সংসদীয় ছয়টি আসনে দুপুর ২টা পর্যন্ত ৪৬ দশমিক ৭ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। বেলা সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।