লালমনিরহাটে এক স্কুলশিক্ষকের দীর্ঘ চাকরিজীবনের শেষ কর্মদিবসটি কাটল জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনের মধ্য দিয়ে। গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলার একটি কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনের মাধ্যমেই তিনি তার কর্মজীবনের ইতি টানলেন।
এই শিক্ষকের নাম গিরীলাল চন্দ্র বর্মন। তিনি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এদিন তিনি জেলা শহরের নেছারিয়া কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করেন।
জেলার আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ঘুঘুজান গ্রামের বাসিন্দা গিরীলাল চন্দ্র বর্মন তিন সন্তানের জনক। চাকরি জীবনের শেষ দিনে এমন গুরুদায়িত্ব পালনের বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে গিরীলাল চন্দ্র বর্মন বলেন, ‘চাকরি জীবনের শেষ দিনে রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পেরেছি, এটি আমার জন্য যেমন গর্বের, তেমনি এক অনন্য প্রাপ্তি।’
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও অগ্রণী ব্যাংকের তুষভা-ার শাখার সিনিয়র অফিসার লিয়াকত আলী বলেন, ‘বুধবার রাতেই আমরা জানতে পারি যে এটি ওনার শেষ কর্মদিবস। দায়িত্ব পালন শেষে আমরা সব সহকর্মী মিলে ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বিদায় জানানোর পরিকল্পনা করেছি।’