ঢাকা-৩ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের জনগণ ভোট দিতে পারেনি। বিএনপি সেই ভোটের লড়াইটাই করছে। আজকের নির্বাচনে বিএনপি জয়ী হবে এটা দেশের জনগণের প্রত্যাশা। গতকাল সকালে কেরানীগঞ্জের কো-ায় নিজের ভোটকেন্দ্র আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর প্রতি অভিযোগ করে তিনি বলেন, ‘গতকাল রাত ১০টার পর থেকে তারা বেশ কয়েকটি কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছে এমন অভিযোগ পেয়েছি আমি। বিশেষ করে জিনজিরা পাইলট স্কুল কেন্দ্রে তারা ঝামেলা করেছে।’ জনগণ ভোটের মাধ্যমে তাদের জবাব দেবে বলে তিনি প্রত্যাশা করেন।
ঢাকা জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় একই কেন্দ্রে ভোট দিতে এসে বলেন, ‘গত ১৭ বছর দেশের ভোটাররা ভোট দেওয়ার আনন্দ উপভোগ করতে পারেননি। আজকে গণতান্ত্রিক ধারার মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করতে পারছেন। ছোটবেলায় আমরা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ, পূজোর আনন্দের মতো ভোটকেন্দ্রে গিয়েছি। ভোটটা উৎসবের মতো ছিল। বিগত ১৭ বছর তা দেশের জনগণ করতে পারেনি। ভোটের ফল যাই আসুক আনন্দের সঙ্গে তা মেনে নেওয়া হবে।’