কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ও দিনাজপুর জেলায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই পঞ্চগড়ের পাঁচটি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। পুরুষ ভোটারদের তুলনায় অনেক কেন্দ্রেই নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পঞ্চগড়ের বিভিন্ন এলাকার কেন্দ্র ঘুরে দেখা যায়, সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই নারী ভোটাররা কেন্দ্রে আসা শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি বাড়তে থাকে। বোদা উপজেলার একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান, সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি বেশ ভালো। অনেকেই পরিবারসহ ভোট দিতে এসেছেন। সামগ্রিকভাবে পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।

বোদা পৌরসভার সাতখামার এলাকার এক নারী ভোটার বলেন, ‘ভোট দেওয়া আমাদের অধিকার। সংসার ও কাজের ব্যস্ততার মধ্যেও আমি সময় বের করে এসেছি। দেশের ভবিষ্যৎ গড়তে আমাদের অংশগ্রহণ জরুরি।’

এবারের নির্বাচনে তরুণী ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে এসে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। কলেজছাত্রী তন্নী বলেন, ‘প্রথমবার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। এটা আমার নাগরিক দায়িত্ব।’

এদিকে গতকাল দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকে বিকেল পর্যন্ত দিনাজপুর জেলা শহরের আদর্শ মহাবিদ্যালয়, গার্লস স্কুল, একাডেমি স্কুল, উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় ঘুরে পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকালে নারী ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। দীর্ঘদিন পর নির্ভয়ে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।

আলেয়া বেগম নামে এক নারী ভোটার বলেন, ‘অনেক বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। তাই সকাল সকাল এসে লাইনে দাঁড়িয়েছি।’

আসাদুজ্জামান আসাদ নামে এক ভোটার বলেন, ‘ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৬টার সময় এসে দেখি দীর্ঘ লাইন। আমিও লাইনে দাঁড়িয়েছি ভোট দেওয়ার জন্য।’

দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মো. জিদান আল মুসা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

জেলা রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলাম জানান, কোনো ধরনের গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয়েছে। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে গেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।