২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের দুই আসন স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত ঘোষণা করা হয়নি। কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই দুই আসনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সমাপনী বক্তব্যে এ তথ্য তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ। 

তিনি জানান, নির্ধারিত বিধি অনুসরণ করে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে এবং ঘোষিত ফলাফলের মধ্য দিয়ে এই ধাপের কার্যক্রম শেষ হয়েছে। অবশিষ্ট দুই আসনের বিষয়ে আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

সমাপনী বক্তব্যে আখতার আহমেদ নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সবার সহযোগিতা ও ধৈর্যের মধ্য দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এ ধৈর্যের পরীক্ষায় সংশ্লিষ্টরা উত্তীর্ণ হয়েছেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে তিনটি পৃথক চিঠি জারি করে নির্বাচন কমিশন। চিঠিতে জানানো হয়েছিল, আদালতে মামলা চলমান থাকায় এসব আসনের ফল প্রকাশ করা হবে না। পরবর্তীতে শেরপুর-২ আসনের ফল ঘোষণা করা হয়েছে। তবে ওই আসনের গেজেট আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।