উল্লাপাড়ায় বিএনপি সমর্থকের চাউলের দোকানে হামলা ভাঙচুর, লুটপাটের অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল বাজারের বিএনপি সমর্থক চাউল ব্যবসায়ী আব্দুল লতিফের দোকানে জামায়াতের সমর্থক ও কর্মীরা হামলা ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, ভোর রাত ৪টার দিকে স্থানীয় জামায়াতের সমর্থক ও কর্মীরা পূর্ব শক্রুতা ও বিএনপি সমর্থন করার কারণে আমার গজাই বাজারের চাউলের দোকানে হামলা ভাংচুর ও লুটপাট করেছে। এ সময়কয়েক শো বস্তা চাউলের, নগদ অর্থ, লুট, দোকানের পাল্লা, টিভি, মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলীম বলেন, ভোট গণনা শেষে স্থানীয় বিএনপির কর্ম সমর্থকরা আমাদের কর্মী সমর্থকদের ভয়ভীতি বাড়িঘরে হামলা চালায়। পরে রাত ১২টার দিকে আমাদের সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খানকে উপজেলা থেকে বিজয়ী ঘোষণা দেওয়ার পর নিজেদের অপকর্ম ঢাকতে নিজেরাই ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। তাদের অভিযোগ সত্য নয়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি শফিউল আলম জানান, এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে সিরাজগঞ্জ পৌর শহরের সয়াগোবিন্দ এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে জামায়াত কর্মী মো: জিহাদ (২২) শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় বিএনপির কর্মী সমর্থকরা হামলা চালিয়ে বেধরক মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সিরাজগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম হাসপাতালে ছুটে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে তাৎক্ষনিক ভাবে বিএনপির পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।