কথার লড়াইয়ে গরম হাওয়া

ভালোবাসা দিবসের পরদিন কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচে ভালোবাসার ফল্গুধারা যে বইবে না, সেই আভাস মিলছে দুদেশের গণমাধ্যমে। সাবেক ক্রিকেটাররাই যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা টিভির পর্দায় অন্য দেশের ক্রিকেটারদের সমালোচনায় ব্যস্ত, তাতে ভারত-পাকিস্তান ম্যাচে সূর্যকুমার আর সালমান আলি আগারা খেলা শেষে আলিঙ্গন করবেন এমনটা মোটেও প্রত্যাশা করা যাচ্ছে না। অথচ ৩০ বছর আগে, এই শ্রীলঙ্কাতেই ভারত-পাকিস্তান এক হয়েছিল শ্রীলঙ্কার জন্য!

১৯৯৬ সালের ১৩ ফেব্রুয়ারি, ভারত-পাকিস্তানের যৌথ একটি দল প্রদর্শনী ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। বিশ্বকাপের ঠিক আগে আগে, এলটিটিই’র বোমা হামলায় কেঁপে উঠেছিল শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক ভবনের আশপাশের এলাকা। ৯১ জন প্রাণ হারান আর আহত ১৪০০’র বেশি। এরপরেই অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ আসতে অস্বীকৃতি জানায়। তখন বিশ্বের কাছে শ্রীলঙ্কাকে নিরাপদ প্রমাণের জন্যই ভারত ও পাকিস্তানের তারকা ক্রিকেটাররা, মোহাম্মদ আজহার উদ্দিনের নেতৃত্বে খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ ওভারের একটি প্রদর্শনী ম্যাচে। আজহার, ওয়াসিম, ওয়াকার, টেন্ডুলকার, সাঈদ আনোয়াররা ছিলেন বন্ধুর মতো, এমনটাই মনে করতে পারেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও বর্তমানে কোচ সনাথ জয়াসুরিয়া। অথচ এখন এমন দৃশ্য স্বপ্নেও কল্পনা করা কঠিন।

একদিকে টিভি চ্যানেলে মোহাম্মদ আমির কঠোর সমালোচনা করছেন অভিষেক শর্মার। ২৫ বছরের এক তরুণ, দিনদুয়েক আগেও যাকে হাসপাতালে যেতে হয়েছে পেটের পীড়া নিয়ে, তার সম্পর্কে আমির এক টিভি শো-তে বলেছেন, ‘ও কোনো জাতের ব্যাটসম্যানদের মধ্যেই পড়ে না, স্রেফ এলোপাতাড়ি মারে।’ বিশ্বকাপ উপলক্ষে ‘হারনা মানা হ্যায়’ নামের একটি অনুষ্ঠানে আমির বলেছেন, ‘ওকে প্রতিটি বলেই হার্ড হিট করতে হয়। যেদিন ওর দিন থাকে সেদিন সব ঠিক আছে; নাহলে ওর ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। ও ৮ ইনিংসে একবার বড় রান পায়। বাকি সময় ওর স্কোর থাকে ১০, ১৫, ০ এবং ২০। আমার মনে হয় না ও টেকনিক্যালি যথেষ্ট দক্ষ, ‘হারনা মানা হ্যায়’ শো-তে আমির এই কথাগুলো বলেন।

অন্যদিকে হরভজন সিং তার নিজস্ব ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভির আহমেদকে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন, ‘প্রথমত, আমি জানতে চাই এই লোকটা কে। তুমি কি তাকে চেনো? তার নাম তানভীর আহমেদ। পাকিস্তানের হয়ে সে মাত্র ৩-৪টি ম্যাচ খেলেছে, কিন্তু এমন আচরণ করে যেন সে ইমরান খান, ওয়াসিম আকরাম বা ওয়াকার ইউনিস। তোমার লজ্জা হওয়া উচিত’ হরভজন এভাবেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তানভিরকে নিয়ে, যার দাবি হরভজন নাকি পাকিস্তানের ক্রিকেটারদের দেখা পেলেই তাদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন!

দুই দলের সাবেক ক্রিকেটারদের মধ্যেই এমন গরম হাওয়া বইছে, তাতে করে মাঠে কি আর তাপমাত্রা কম থাকবে? যদিও আবহাওয়া বার্তা বলছে ৬০-৭০ ভাগ বৃষ্টির আশঙ্কা আছে রবিবার, সেক্ষেত্রে সব উত্তেজনায় জল ঢেলে দিতে পারে প্রকৃতিই।