টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের ২০ ব্যাচের ছাত্র স্বাধীন ও ফাহিম। তারা আকুর টাকুর পাড়ার ছোট কালিবাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে স্বাধীন ও ফাহিম শহর থেকে বাসায় ফিরছিল। হঠাৎ তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ এলাকায় একটি দেয়ালে ধাক্কা লাগে। আশেপাশের লোকজন তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাদের লাশ দেখতে যান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। পরে তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সদর ফাঁড়ির এএসআই মো. এনায়েত সরকার জানান, আইনী প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।