যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়েছে এবং এটিকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির ফরেন,কমনওয়েলথ & ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর এক মুখপাত্র বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এতে সুস্পষ্ট ফলাফল এসেছে, যা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।
যুক্তরাজ্য সরকার জানায়, তারা নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, বিশেষ করে গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে।
লন্ডন আরও জানায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নিরাপত্তা—এসব অভিন্ন অগ্রাধিকারভিত্তিক বিষয়ে ঢাকার সঙ্গে সহযোগিতা জোরদার করা হবে। দুই দেশের জনগণের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতেই এ সহযোগিতা আরও এগিয়ে নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।