পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম তার সতীর্থদের পরামর্শ দিয়েছেন, আগামী রবিবার কলম্বোতে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের আগে চাপের মধ্যে শান্ত ও একাগ্র থাকা জরুরি।
ভিডিওবার্তায় বাবর বলেন, “পাকিস্তান ও ভারতের মধ্যে ম্যাচ সবসময়ই অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এটি শুধুমাত্র দুই দেশের মানুষ নয়, সমগ্র বিশ্বের মানুষ দেখেন। এজন্য খেলার মাত্রা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় এবং খেলোয়াড়দের ওপর প্রত্যাশা অনেক বেশি থাকে।”
তিনি আরও যোগ করেন, “আমি অনেক এমন ম্যাচের অংশ থেকেছি এবং শিখেছি, যতটা সম্ভব শান্ত থাকা এবং বাইরে থেকে আসা বিভ্রান্তি এড়িয়ে খেলার উপর একাগ্র থাকলে পারফরম্যান্স অনেক ভালো হয়।”
বাবর বলেন, ম্যাচের উত্তেজনা স্বাভাবিক হলেও খেলোয়াড়দের জন্য চাপমুক্ত থাকা সবচেয়ে উপকারী। “এই খেলায় সবসময় অনেক শক্তি থাকে, কিন্তু খেলোয়াড় যতটা শান্ত ও মনোযোগী থাকবে, তাদের জন্য তত ভালো হবে,” তিনি বলেন।
আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে বিশ্বকাপ ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। পরে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং ভারত-পাকিস্তান ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়।
সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ-এ ভারতের সঙ্গে পাকিস্তানের তিনটি ম্যাচ খেলে পাকিস্তান, যেখানে ফাইনালসহ তিনটি ম্যাচেই হেরে যায়। সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৬টি ম্যাচ খেলেছে দুই প্রতিদ্বন্দ্বী দেশ। এরমধ্যে পাকিস্তান জিতেছে মাত্র ৩টি, বাকি ১৩ ম্যাচই জিতেছে ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান ভারতের কাছে হেরে যায়।