টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে পাকিস্তান দলকে কৌশলগত পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। নিজের আক্রমণাত্মক খেলার পরিচয়ের বাইরে গিয়ে এবার তিনি পরামর্শ দিলেন—ভারতের বিপক্ষে খেলতে হবে বেশি সংযত ও শৃঙ্খলাপূর্ণ ক্রিকেট।
আফ্রিদির মতে, চাপের ম্যাচে জয়–পরাজয়ের পার্থক্য গড়ে দেয় ঝলমলে পারফরম্যান্স নয়, বরং মৌলিক বিষয়গুলো ঠিকভাবে করা, “ভুল হতেই পারে। কিন্তু ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—এই তিন বিভাগে যে দল সবচেয়ে কম ভুল করবে, তারাই জিতবে।”
বর্তমান পাকিস্তান দলকে নিয়ে আশাবাদী আফ্রিদি। তার মতে, দলে এখন যথেষ্ট গভীরতা আছে, যার ফলে শুরুতে উইকেট পড়লেও আক্রমণাত্মক মানসিকতা ধরে রাখা সম্ভব। পাকিস্তানের ২০০৯ বিশ্বকাপের জয়ের নায়ক বলেন, “আমাদের ব্যাটিং গভীরতা এখন আট নম্বর পর্যন্ত। আমাদের লাইনআপ শক্ত এবং বড় শট মারতে পারে—এমন একাধিক খেলোয়াড় আছে।”
আফ্রিদির মতে, পাকিস্তানের মূল লক্ষ্য হওয়া উচিত ইনিংসের বড় সময় ক্রিজে টিকে থাকা। বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা যদি দায়িত্ব পালন করতে পারেন, তাহলে শেষ দিকের মারকুটে ব্যাটসম্যানরা পুরো স্বাধীনতা নিয়ে খেলতে পারবেন।
এ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, “আমাদের প্রথম ছয়জন ব্যাটসম্যান যদি পনেরো কিংবা ষোল ওভার পর্যন্ত ব্যাট করতে না পারে, তাহলে ষষ্ঠ উইকেট পড়ার পর শেষের দুইজন ব্যাটসম্যান বাকি চব্বিশ বলে ঝাঁপিয়ে পড়ুক, যাতে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করানো যায়।”
উদ্বোধনী জুটির জন্যও স্পষ্ট বার্তা দিয়েছেন আফ্রিদি। তার মতে, শুরু থেকেই রান তুলতে হবে, তবে অযথা ঝুঁকি নেওয়া যাবে না, “ওপেনারদের কাজ হবে স্কোরবোর্ড এগিয়ে নেওয়া, কিন্তু শুরুতেই উইকেট ছুড়ে দেওয়া যাবে না।”