সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি গ্যাস পাম্পে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাম্পের বিভিন্ন যন্ত্রপাতি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গত ২দিন ধরে সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি চালক ও সাধারণ যাত্রীরা। গত ১২ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদনাথ এলাকায় অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে এ হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে জানা যায়, গত (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গভীর রাতে মুখোশধারী ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিতভাবে হামলা চালিয়ে গ্যাস পাম্পের ৩টি এ্যাডজাস্টম্যান মেশিন, ক্যাশ কাউন্টারসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়ে চলে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা পাম্পে হামলা চালিয়ে অফিস কক্ষের কাচ, মিটার ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। এদিকে গ্যাস পাম্প বন্ধ থাকায় চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। আগামী দুই দিনের মধ্যে গ্যাস পাম্প চালুসহ দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শ্রমিক ও স্থানীয়রা।
এদিকে, গত দুইদিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শহরজুড়ে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক চালক বিকল্প জ্বালানির সন্ধানে বগুড়া ও শাহজাদপুরে ঘুরে বেড়াচ্ছেন। এতে ভাড়া বৃদ্ধি ও যানবাহন সংকটের আশঙ্কা করছেন যাত্রীরা। শহরের একমাত্র গ্যাস পাম্পে এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত সরবরাহ স্বাভাবিক ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
গ্যাস পাম্পের মেশিন অপারেটর ইনচার্জ শামীম হোসেন জানান, রাতের আঁধারে ১০-১২ জনের একটি দল মুখে কালো কাপড় বেঁধে পাম্পে প্রবেশ করে অতর্কিতভাবে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে স্টেশনের তিনটি ডিসপেন্সার মেশিন, জেনারেটর রুম, মেশিন রুম, আরএমএস রুম ভাঙচুর করে কাউন্টার থেকে টাকা লুট করে পালিয়ে যায়। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখায় বলে অভিযোগ।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন বলেন, গ্যাস পাম্প বন্ধ থাকায় প্রায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার সিএনজি বন্ধ রয়েছে। গভীর রাত থেকে স্টেশনটি বন্ধ থাকার কারণে জেলার প্রায় সাড়ে ৯ হাজার সিএনজি চালিত অটোরিক্সাসহ, বাস, ট্রাক ও মাইক্রোবাস সিএনজি চালিত সকল যানবাহন গ্যাসের অভাবে বন্ধ রয়েছে। তাই দ্রুত গ্যাস পাম্প মেরামত করে গ্যাস চালুর দাবি জানিয়েছেন তিনি।
অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনের মালিক লুৎফর রহমান দিলু বলেন, গভীর রাতে মুখে কালো কাপড় বেঁধে কে বা কারা অতর্কিতভাবে হামলা করেছে। এতে আমার প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি পুলিশকে অবগত করেছি। প্রশাসন বিষয়টি ক্ষতিয়ে দেখছেন বলে তিনি জানিয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।