দেশের স্বাস্থ্যখাতের সকল স্তরের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সংযত আচরণ এবং কর্মস্থলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এই আহ্বান জানায়।
ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় লাভের পর ড্যাবের কোনো স্তরের নেতাকর্মী যেন কোনো প্রকার সহিংসতায় জড়িয়ে না পড়েন। যদি কেউ কোনো উস্কানিমূলক বা সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হন, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মীদেরকে ধৈর্যশীল ও মার্জিত আচরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে নিজ নিজ কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ড্যাবের পক্ষ থেকে সকল নেতাকর্মীকে উৎসাহিত করা হয়েছে। কর্মস্থলে শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মান অক্ষুণ্ণ রাখাই এখন সংগঠনের মূল লক্ষ্য বলে জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্বাচনী ইশতেহারের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যখাতে ভয়ের সংস্কৃতি দূর করতে এবং চিকিৎসক-নার্সদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ইশতেহারের ২১ নম্বর পৃষ্ঠায় বর্ণিত ‘জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা ও সুরক্ষা কাঠামো’ গড়ে তোলার মাধ্যমে স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
পরিশেষে, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এবং রোগীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালের পরিবেশ শান্ত রাখার ওপর জোর দেওয়া হয়েছে। ড্যাব মহাসচিব স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না এবং সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের একযোগে কাজ করে দেশের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে হবে।