বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান 

গায়ে পেট্রোল ঢেলে আগুন দিল যুবক

যশোরের অভয়নগরের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় অন্তর বিশ্বাস নামে এক যুবক গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলা যধোপাদী গ্রামে নতুনবাজার হাড়িভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ অন্তর বিশ্বাস (৩০) কুষ্টিয়া সদরযুগিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আকবর সড়ক সংলগ্ন সাগর বিশ্বাসের ছেলে। তিনি অভয়নগরের আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি ট্রাকের চালকের সহকারী।

দগ্ধের ওস্তাদ (ট্রাকচালক) সোহাগ হোসেন বলেন, দীর্ঘদিন তার ট্রাকে হেলপারের কাজ করেছেন অন্তর বিশ্বাস। দুই মাস হয়েছে তিনি অভয়নগরের আমডাঙ্গা গ্রামে বসবাস শুরু করেন। সম্প্রতি ধোপাদী গ্রামের হাড়িভাঙা এলাকার একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শনিবার রাতে বিয়ের প্রস্তাব দিলে মেয়ের পরিবার প্রত্যাখ্যান করে।

তিনি বলেন, শুনেছি প্রেমিকাকে না পাওয়ার কারণে সে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মরিয়ম মুনমুন বলেন, অন্তর বিশ্বাসের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।