বিএনপি ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে ২ মামলা

নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপির জয়ী প্রার্থী নিজান

নির্বাচনের পরবর্তী সময় দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনের জয়ী প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান। ইতোমধ্যে দলের প্রভাব খাঁটিয়ে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। এর মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এবিএম আশরাফ উদ্দিন নিজানের উপস্থিতিতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগতি থানায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিন উল্লাহ ইরাজ বাদী হয়ে মামলা দুটি করেন।

মামলার আসামিদের মধ্যে চর রমিজ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হান্নান, সুমন উদ্দিন (ইউপি মেম্বার), চর রমিজ ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ হোসেন, চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রয়েছেন।

মামলা এজাহারে জানা যায়, ১৩-১৪ ফেব্রুয়ারি উপজেলার চর পোড়াগাছা, রামদয়াল বাজার ও আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর সুজনগ্রাম এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে চড়াও হয়। তারা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে।

চর পোড়াগাছা ইউনিয়নের ছিদ্দিক উল্লাহর ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা ইটভাটার শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেয় এবং মালিককে হত্যার হুমকি দেয়। এছাড়া রামদয়াল বাজারে ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে আসামিরা।

একইদিনে চর আলগী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, ওয়ার্ড সভাপতি মো. আশিকের নেতৃত্ব ২৫ জনের একটি দল রাজনৈতিক প্রভাব বিস্তার করে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয়। একপর্যায়ে ওই বাজারের ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালায়। এতে ওই ব্যবসায়ীর ৫০ হাজার টাকা ক্ষয়-ক্ষতি হয়।

এবিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদদিন নিজান জানান, রামগতিতে কিছু ঘটনা ঘটেছে, আমি নিজেই ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ দিয়েছি। রামগতি-কমলনগরের সর্বস্তরের মানুষের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপি বা সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ রয়েছে। অপরাধীদের ছাড় নয়। এছাড়া বহিষ্কারসহ যে কোনো শাস্তির আওতায় আনা হবে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।