বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। বলয়াকার এ সূর্যগ্রহণ অনেকের কাছে ‘রিং অব ফায়ার’ বা আগুনের বলয় নামে পরিচিত।

নাসার তথ্যানুযায়ী, পৃথিবী, সূর্য ও চন্দ্র মহাকাশে নিজ কক্ষপথে অবিরত পরিভ্রমণকালে সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে অর্থাৎ চন্দ্র পৃথিবী ও সূর্যের মধ্যে অবস্থানকালে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে। সাধারণত চন্দ্র, পৃথিবী ও সূর্যের অবস্থানের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। এ ই যেমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আংশিকগ্রাস সূর্যগ্রহণ, বলয়াকারগ্রাস সূর্যগ্রহণ। খবর এনডিটিভি

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে ১৭ ফেব্রুয়ারি সকাল ৭টা ১মিনিটে। অর্থাৎ কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইমে (ইউটিসি)।

স্পেস ডটকমের তথ্যে বলা হয়, সর্বোচ্চ ২ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত বলয়াকার সূর্যগ্রহণ স্থায়ী হতে পারে। এ সময় চাঁদ সূর্যের কেন্দ্রের প্রায় ৯৬ শতাংশ ঢেকে ফেলবে।

সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে অ্যান্টার্কটিকায়, বিশেষ করে কনকর্ডিয়া ও মিরনি গবেষণা কেন্দ্র থেকে। দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, জাম্বিয়া ও জিম্বাবুয়ে আংশিকভাবে গ্রহণটি দেখতে পাবে।

তবে বাংলাদেশের আকাশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। কারণ গ্রহণের সময় সূর্য বাংলাদেশ দিগন্তের নিচে অবস্থান করবে। এছাড়া ঘটনাটি মূলত দক্ষিণ গোলার্ধে সংঘটিত হওয়ায় দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলো থেকে তা দৃশ্যমান হবে না।