ভারত-পাকিস্তান লড়াইয়ে এবার 'উসমান তারিক' আতঙ্ক

ভারত-পাকিস্তান লড়াই মানেই যেন একপাক্ষিক দাপট—এমন একটি ধারণা গত কয়েক বছর ধরে ক্রিকেট বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই সমীকরণ বদলে যাওয়ার আভাস দিচ্ছেন ভারতের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ কার্তিক। তাঁর মতে, কলম্বোর মন্থর ও স্পিন সহায়ক উইকেটে এবার অভিষেক-সূর্যকুমারদের কঠিন পরীক্ষা নেবে পাকিস্তান।

পরিসংখ্যানের পাতায় ভারত যোজন যোজন এগিয়ে। ওয়ানডে বিশ্বকাপে ৮-০ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে মাত্র একটি হার—চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারতের আধিপত্য প্রশ্নাতীত। এমনকি গত বছরের এশিয়া কাপেও তিনবারের দেখায় প্রতিবারই পাকিস্তানকে হারের স্বাদ দিয়েছে ভারত। তবে কার্তিক মনে করিয়ে দিচ্ছেন, এবারের প্রেক্ষাপট ভিন্ন।

ক্রিকবাজের এক আলোচনায় কার্তিক বলেন, 'সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কন্ডিশনের সুবিধা বিবেচনায় পাকিস্তান কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে। গত কয়েক বছরের তুলনায় ভারতকে চাপে ফেলার বড় সুযোগ এবার তাদের সামনে রয়েছে।'

ভারতের ব্যাটিং লাইন-আপ ব্যাটিং সহায়ক ফ্ল্যাট উইকেটে বিধ্বংসী হলেও, স্পিন সহায়ক এবং মন্থর পিচে তাদের কিছুটা জড়তা দেখা যায়। কার্তিকের মতে, কলম্বোর উইকেটে বল যখন থেমে আসবে এবং স্পিনাররা সুবিধা পাবেন, তখন ভারতের ব্যাটিং গভীরতা বড় পরীক্ষার মুখে পড়বে। পরিসংখ্যানও বলছে, ধীরগতির উইকেটে ভারতীয় ব্যাটারদের সাফল্যের হার কিছুটা কমে আসে।

এবারের লড়াইয়ে মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনা হচ্ছে পাকিস্তানের নতুন সেনসেশন উসমান তারিককে নিয়ে। তাঁর অপ্রথাগত বোলিং অ্যাকশন ভারতীয় শিবিরে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে। এমনকি ভারতীয় ব্যাটাররা নেটে তারিকের মতো অ্যাকশনের বোলার এনে বিশেষ অনুশীলন করছেন বলেও খবর পাওয়া গেছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ একে দেখছেন মনস্তাত্ত্বিক জয় হিসেবে। তিনি বলেন, 'সবাই এখন বাবর আজমকে ছেড়ে উসমান তারিককে নিয়ে কথা বলছে। মাত্র গুটিকয়েক ম্যাচ খেলা একজন বোলার ভারতীয় শিবিরের ভেতরে কতটা আতঙ্ক তৈরি করলে তারা বিশেষভাবে তাকে নিয়ে প্রস্তুতি নেয়! এটিই পাকিস্তানের বড় জয়।একজন খেলোয়াড়কে নিয়ে এত আলোচনা আগে কতবার দেখা গেছে? সব সংবাদ মাধ্যম, পুরো বিশ্ব, তারা কেবল ম্যাচের ফলাফল নিয়ে কথা বলছে না, উসমান তারিক আগামীকাল কি করবে সেটা নিয়েও ভাবছে।'

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলছে পাকিস্তান। কলম্বোর মাঠ ও কন্ডিশনের সঙ্গে তারা ভারতের চেয়েও বেশি মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। ফলে রোববারের হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের সামনে পাকিস্তানের স্পিন আক্রমণ এক বড় দেওয়াল হয়ে দাঁড়াতে পারে।