থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। তবে তেরদথাই ক্রিকেট গ্রাউন্ডে ভারতের ৮ উইকেটের বড় জয়ের চেয়েও বেশি আলোচনা হচ্ছে দুই দলের খেলোয়াড়দের হ্যান্ডশেক না করা নিয়ে। বৈরি রাজনৈতিক সম্পর্কের আঁচ মাঠের সৌজন্যেও যে পড়েছে, তার প্রমাণ মিলল আরও একবার।
আজকের এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক হাফসা খালিদ। তবে ভারতীয় বোলারদের তোপে ১৮.৫ ওভারে মাত্র ৯৩ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০.১ ওভারেই জয় তুলে নেয় ভারত। দীনেশ ভৃন্দার ২৯ বলে ৫৫ রানের এক বিধ্বংসী অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
ম্যাচ শুরুর আগে টসের সময় ভারতের অধিনায়ক রাধা যাদব ও পাকিস্তানের অধিনায়ক হাফসা খালিদ একে অপরের সঙ্গে হাত মেলাননি। এমনকি ম্যাচ শেষেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে কোনো প্রথাগত হ্যান্ডশেক দেখা যায়নি।
গত বছরের সেপ্টেম্বর থেকে ভারত-পাকিস্তান যেকোনো পর্যায়ের ক্রিকেট ম্যাচেই এই ‘হ্যান্ডশেক না করার’ সংস্কৃতি দেখা যাচ্ছে। এর আগে পুরুষদের এশিয়া কাপ, ২০২৫ সালের নারী বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও একই দৃশ্য দেখা গিয়েছিল।
ব্যাংককের এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ রাতে পুরুষদের টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। বড়দের ম্যাচেও কি হ্যান্ডশেক হবে না? ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই বিষয় নিয়ে বলেছিলেন, ‘২৪ ঘণ্টা অপেক্ষা কারুন।' পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেছিলে, ‘ভারত কী করতে চায়, তার পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। আমরা আগামীকালই সেটা দেখতে পাব।’
আন্তর্জাতিক ম্যাচে আইসিসির আচরণবিধিতে খেলোয়াড়সুলভ আচরণের কথা বলা থাকলেও ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক নয়। এটি মূলত একটি সৌজন্যের প্রতীক। দুই দেশের বর্তমান বৈরিতার মাঝে এই সৌজন্যটুকুও এখন বিলুপ্তির পথে কি না, সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিচ্ছে।
৫০০ গোলে রোনালদোর চেয়ে দ্রুততম কেইন, রেকর্ড মেসির দখলেই