দেড় বছরের অধিক সময় এবং নির্বাচনের মাত্র তিনদিন পর গতকাল রবিবার বিকালে আওয়ামী লীগের খুলনা জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে যান কতিপয় নেতা-কর্মীরা। এ সময় তারা কার্যালয়ে নীচতলার কলাপসিবল গেটের তালা খুলে দুইতলায় যেয়ে শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করেন।
প্রত্যক্ষদর্শী ও আশপাশের ব্যবসায়ীরা জানান, হঠাৎ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭-৮ জন নেতা-কর্মী খুলনার শহীদ হাদিস পার্ক সংলগ্ন মহানগর ও জেলা কার্যালয়ে আসেন। তারা নিচের মেইনগেটের তালা খুলে ওপরে যান। সেখানে তারা শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত জাহাঙ্গীর হোসেন নামের একজন নিজেকে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বলেন, রাজনীতি করার অধিকার সকলেরই আছে। আমরা নতুন সরকারকে বলতে চাই- আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আশাকরি আমাদের রাজনীতি করার অধিকার ফিরে পাব।
এ প্রসঙ্গে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন বলেন, ঘটনাটি আমরা জেনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।