পার্বতীপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পার্বতীপুর উপজেলার পল্লীতে মিজান (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চন্দ্রাপুর এলাকায় অবস্থিত স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান বাবু পার্বতীপুর উপজেলার মন্মথপুর মাঝাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে থেকে কোম্পানির ইট আনছেন ইটবোঝাই ট্রাক্টরে কাজ করছিলেন মিজান বাবু। বিকেল ৩টার দিকে চন্দ্রাপুর এলাকায় অবস্থিত স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভেতরে ট্রাক্টরটি প্রবেশকালে মিজান ট্রাক্টরে ওঠার চেষ্টা করে। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয় সে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পার্বতীপুরের ল্যাম্প হাসপাতালে নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পার্বতীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পার্বতীপুর মডেল থানার (ওসি) এম এ ফারুক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।