নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

ফরিদপুরের নগরকান্দায় ফরিদপুর–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী চাকলাদার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যশোরগামী বাসটি পুকুরিয়া স্ট্যান্ড অতিক্রম করে জোয়ারকান্দি এলাকায় পৌঁছলে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটির গতি বেশি ছিল বলে জানান তারা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

বাসের একাধিক যাত্রী জানান, গাড়িটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। অনেক যাত্রী দাঁড়িয়ে ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। যাত্রীদের প্রায় সবাই কমবেশি আহত হয়েছেন বলে জানান তারা।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই বিল্লাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।