ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পিএম

ফরিদপুরের নগরকান্দা উপ‌জেলার এক‌টি গ্রা‌মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার(৪এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে মোল্লা সমর্থক ও তালুকদার সমর্থক‌দের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়ভবে জানা যায়, নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের বনগ্রামের মোল্লা সমর্থক ও পাশের গোয়ালদী গ্রামের তালুকদার সমর্থক‌দের মধ্যে দীর্ঘ‌দিন ধ‌রে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র ক‌রে বিরোধ চলছিল। এদের মধ্যে মোল্লা গ্রুপের নেতৃত্ব দেন মশিউর মোল্লা, নয়ন মোল্লা ও জিয়ার মোল্লা অপরদিকে তালুকদার গ্রুপের নেতৃত্ব দেন সলেমান ও রবি তালুকদার। শনিবার দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এরপর পরই উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপরে সংঘর্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ সময় নগরকান্দা থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ‌ ব‌্যাপা‌রে নগরকান্দা থানার ও‌সি রাসূল সামদানী আজাদ জানান, নগরকান্দার বনগ্রামের মোল্লা গ্রুপ ও গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।শ‌নিবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ক‌রে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত