নারী এশিয়া কাপ রাইসিং স্টার্সের প্রথম ম্যাচে শেষ ওভারে দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল বাংলাদেশ দল। আজ থাইল্যান্ডের বিপক্ষেও শেষ ওভারে দারুণ ব্যাটিংয়ে জিতলো ফাহিমাদের দল।
১০৪ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ১২ রানের সমীকরণ দাড়িয়ে বাংলাদেশের সামনে। আগের ১৯ ওভারের কোনোটিতে ১০ রানও করতে পারেনি ব্যাটাররা। জয়ের পাল্লা তাই থাইল্যান্ডের দিকেই হেলে ছিল। তবে শেষ বেলায় খেলা পাল্টে দিলেন ফারজানা ইয়াসমিন। শরীফা খাতুন প্রথম বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে যান ফারজানা। দ্বিতীয় বলে চার, তৃতীয় বলে ছক্কা। নিমিষেই ম্যাচ সমতায়। চতুর্থ বলে অবশ্য আউট হয়ে যান ফারজানা। তবে পঞ্চম বলে জান্নাতুল ফেরদৌস সিঙ্গেল নিলে লক্ষ্যপূরণ হয়ে যায় এক বল আগেই।
থাইল্যান্ড নারী জাতীয় দলকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
রান তাড়ায় বাংলাদেশের লক্ষ্য ছিল ১০৪। শুরুটা ছিল বেশ নড়বড়ে। প্রথম চার ওভারের মধ্যেই মাত্র ১১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এরপর চতুর্থ উইকেটে শামীমা সুলতানা ও লতা মণ্ডল ৪৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংসে কিছুটা ভারসাম্য ফেরান।
তবে শেষ দিকে আবারও রান আর বলের হিসাব মিলাতে হিমশিম খেতে হয়। শেষ পর্যন্ত সমীকরণ দাঁড়ায় ৬ বলে ১২ রান। সেখানেই ১৫ বলের সংক্ষিপ্ত কিন্তু বিধ্বংসী ইনিংসে তিনটি চার ও একটি ছক্কায় ২৩ রান করে ম্যাচ বাংলাদেশের পক্ষে এনে দেন ফারজানা ইয়াসমিন।
সংক্ষিপ্ত স্কোর
থাইল্যান্ড নারী দল: ২০ ওভারে ১০৩/৯ (কোচারোএনকাই ৩৪, চানথাম ২৪; শরীফা ২/১৪, ফাহিমা ২/১৬)
বাংলাদেশ নারী ‘এ’ দল: ১৯.৫ ওভারে ১০৪/৭ (লতা মণ্ডল ৩০, শামীমা সুলতানা ২৬, ফারজানা ইয়াসমিন ২৩; পুথাওং ৩/২৫, মায়া ২/২১)
ফল: বাংলাদেশ নারী ‘এ’ দল ৩ উইকেটে জয়ী।