পাটগ্রামে ছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের ৪ মাসের কারাদণ্ড

​লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ​দণ্ডপ্রাপ্ত রানা ইসলাম (২১) উপজেলার বুড়িমারী ইউনিয়নের হাদিসপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে।

​সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এই দণ্ডাদেশ প্রদান করেন।

​স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে আলীমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলাকালে রানা ইসলাম বিদ্যালয় চত্বরে ঢুকে পড়েন। এসময় তিনি শ্রেণিকক্ষের ভেতর থাকা এক ছাত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন। বিষয়টি তাৎক্ষণিক বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে তারা পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন।

​খবর পেয়ে ইউএনও তানভীর হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় রানাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

​পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ছাত্রীকে হয়রানির অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে অপরাধ নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। নারীদের নিরাপত্তায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।