চন্দনাইশে দালালের খপ্পরে পড়ে দক্ষিণ আফ্রিকায় এক যুবকের মৃত্যু 

চট্টগ্রামের চন্দনাইশে দালালের খপ্পরে পড়ে দক্ষিণ আফ্রিকায় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) উপজেলার জোয়ারা ইউনিয়নে ৯নং ওয়ার্ডে নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ফাহাদ (১৮) দক্ষিণ আফ্রিকায় মারা যান। ফাহাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী শোকাহত হয়ে পড়েছে। 

এলাকার লোকজন জানান, ফাহাদ একজন ভাল ছেলে ছিল। তিনি শান্ত, নম্র ও বিনয়ী। জানা যায়, ৩০ জানুয়ারী ঢাকার দালাল ফারুক নামে এক ব্যক্তির খপ্পরে পড়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ৯ লক্ষ টাকার বিনিময়ে ইথিওপিয়া এয়ারলাইন্স বিকাল ৪টা ৫০মিনিটে ঢাকা বিমানবন্দর ত্যাগ করেন। পরে বিভিন্ন দেশ ঘুরে দক্ষিণ আফ্রিকার সীমান্তের আগে নেমে পায়ে হেঁটে সীমান্ত এলাকা পার হয়ে দক্ষিণ আফ্রিকার মসিনা শহরে পৌঁছে। সেখানে দালাল ফারুক একটি ঘর ভাড়া করে রাখে। 

দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর ২/৩দিনের মধ্যে রবিবার দিবাগত রাতে ফাহাদ মৃত্যুবরণ করেন। দক্ষিণ আফ্রিকার মসিনা শহরে প্রবাসী নোয়াখালিস্থ মারুফ জানান, রবিবার আছরের নামাজের সময় পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যান। তবে তিনি মৃত ব্যক্তিকে চেনেন না। বাংলাদেশী বলে বিষয়টি খেয়াল করেছেন। দক্ষিণ আফ্রিকায় ফাহাদের দুই মামা থাকেন।

ফাহাদের পিতা নুর মোহাম্মদ জানান, ফাহাদের দুই মামা লাশ দেশে পাঠানো ব্যবস্থা করবেন।  ফাহাদের পিতা নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।