তারেক রহমানের সঙ্গে নতুন মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিএনপির একটি সূত্র বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে দুপুরে সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের জানান, নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির বিষয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, মানুষের জন্য সকল দায়িত্বই চ্যালেঞ্জ।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সকালে দুই দফায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং পরবর্তীকালে সংস্কারের অংশ হিসেবে দ্বিতীয় দফায় শপথ গ্রহণ করবেন। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সেটারই ব্যবস্থা করার জন্য এই মুহূর্তে উঠেপড়ে লেগে আছে কেবিনেট ডিভিশন।

মন্ত্রিসভার সদস্য সংখ্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব ‌‌‘কমেন্ট নেই’ বলে মন্তব্য করেন। মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আমাদের একটা প্রস্তুতি থাকে, স্ট্যান্ডার্ড যে প্রক্রিয়া সেটাই হবে।

উল্লেখ্য, চব্বিশের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর অবসর থেকে ফিরিয়ে এনে নাসিমুল গণিকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল, তখন তিনি অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। একসময় তিনি বিএনপি নেতা ও স্পিকার জমির উদ্দিন সরকারের পিএস হিসেবেও দায়িত্ব পালন করেছেন।