ভারত বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না করে দেশটিকে পানির সংকটে ফেলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এক গণসমাবেশে তিনি এ অভিযোগ করেন।
সমাবেশে রিজভী বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও কার্যকর কোনো সমাধান আসেনি। ফারাক্কা বাঁধ নিয়ে বিরোধের সূত্রপাত আজকের নয়, ব্রিটিশ আমল থেকেই এ নিয়ে আন্দোলন ও আলোচনা চলছে। ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা আওয়ামী লীগ সরকারও পানির প্রশ্নে দেশটির কাছ থেকে কোনো ছাড় আদায় করতে পারেনি।
বিএনপির এই নেতা বলেন, পানির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়নি। এ সংকটের প্রভাব শুধু বাংলাদেশের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গের মানুষও এর ভুক্তভোগী। পানির ন্যায্য হিস্যার দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়া জাতিসংঘেও তুলে ধরেছিলেন। দীর্ঘ ৫৫-৫৬ বছর ধরে আলোচনা চললেও ভারতের অবস্থানে পরিবর্তন আসেনি। তাই এ দাবিতে আন্দোলন আরও জোরালো করতে হবে।
ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তির সমালোচনা করে রিজভী বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখা জরুরি। কলকাতা বন্দর সচল রাখার স্বার্থে নদীর প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত করা হলে নদী ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে।
এ সময় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আন্দোলনকে প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন তিনি। কবি ইকবালের উদ্ধৃতি দিয়ে ভাসানীর বক্তব্য স্মরণ করে রিজভী বলেন, ‘যে ক্ষেতের ফসল থেকে কৃষক কিছু পায় না, সে ক্ষেত পুড়িয়ে দাও।’