নিখোঁজের পরদিন আমগাছে মিলল জয়নালের ঝুলন্ত মরদেহ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার খাটরা এলাকায় একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জয়নাল আবেদীন ঢালী (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জয়নাল স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জরিত। তিনি ওই গ্রামের মৃত মোসলেম ঢালীর ছেলে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এর আগে রবিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

গোসাইরহাট থানা সূত্র জানায়, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার খাটরা গ্রামের মৃত মোসলেম ঢালীর ছেলে জয়নাল আবেদীন মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিন মাসে আগে দেশে ফিরে কৃষি কাজ শুরু করেন তিনি। স্থানীয় একটি পক্ষের সাথে জমি নিয়ে তার বিরোধ ছিল। জয়নাল আবেদীন রবিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানান। 

পরে সোমবার বিকালে জয়নালের বাড়ির আধা কিলোমিটার দুরে একটি ফসলি জমিতে থাকা আম গাছে ঝুলন্ত অবস্তায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে গলায় মাফলার পেচানো অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।

গোসাইরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেযারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তারিক আজিজ বলেন, জয়নাল আবেদীন আমাদের দলের কর্মী। তিনি মালেশিয়া থেকে ফিরে নির্বাচনে প্রচার প্রচারণার কাজে অংশ নেন। আজ বিকালে তার লাশ উদ্ধারের খবর পেয়েছি। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এলাকার একটি পক্ষর সাথে জমি নিয়ে তার বিরোধ চলছিল। ওই ঘটনা নিয়ে গতকাল কথা বলার জন্য সে বাড়ি থেকে বের হন। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ তার লাশ উদ্ধার করা হয়েছে।

গোসাইরহাট থানার উপপরিদর্শক সজিবুল ইসলাম বলেন, নির্জন স্থানের একটি গাছ হতে এক ব্যক্তির ঝুলান্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না অন্য কিছু তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। তার পরিবারের সদস্যরা কিছু তথ্য দিয়েছেন আমরা তা যাচাই-বাছাই করছি। ঘটনাটি ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।