টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন সেঞ্চুরির মেলা বসেছে। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। আজ মঙ্গলবার কানাডার ১৯ বছর বয়সী ওপেনার যুবরাজ সামরা নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁকিয়েছেন ৫৮ বলে সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বনে গেলেন। সেইসঙ্গে এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির কোনো সহযোগী সদস্য দেশের ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি।
এই প্রথম বিশ্বকাপ খেলতে এসেছেন যুবরাজ। ফিফটি করেছেন ৩৬ বলে, যা টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে হাফ-সেঞ্চুরির রেকর্ড। কিন্তু এখানেই তিনি থামেননি। ইনিংস এগিয়ে নিয়েছেন তিন অংকে। ম্যাট হেনরি ও কাইল জেমিসনদের চোখের জল নাকের জল এক করে ৫৮ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন যুবরাজ। শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হওয়ার আগে খেলেন ৬৫ বলে ১১০ রানের ইনিংস।
যুবরাজের ইনিংসে ছিল ১১টি চার এবং ৬টি ছক্কার মার, যার একটি আবার টুর্নামেন্টের ইতিহাসের ৪০০তম ছক্কা হয়ে গেছে। যুবরাজ ছাড়া আর কেউ পঞ্চাশের ঘরেও যেতে পারননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে অধিনায়ক দিলপ্রিতের ব্যাট থেকে। ওপেনিং পজিশনে যুবরাজ আর দিলপ্রিতের জুটিতে আসে ১১৬ রান। পরের ব্যাটাররা বড় স্কোর করতে না পারায় ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান তোলে কানাডা। এবার দেখার, কিউইরা কেমন জবাব দেয়।