যুবরাজের রেকর্ড ম্লান করে সুপার এইটে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কানাডার অখ্যাত ক্রিকেটার যুবরাজ সামরা। ১৯ বছর বয়সী এই তারকা নিউজিল্যান্ডের বিপক্ষে আজ খেলেছেন ৬৫ বলে ১১০ রানের ইনিংস। তবে তার রেকর্ড ম্লান করে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। নিশ্চিত করেছে সুপার এইট।

চেন্নাইয়ের এমন চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৩ রান তোলে কানাডা। যুবরাজ ছাড়া আর কেউ পঞ্চাশের ঘরেও যেতে পারননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে অধিনায়ক দিলপ্রিতের ব্যাট থেকে। ওপেনিং পজিশনে যুবরাজ আর দিলপ্রিতের জুটিতে আসে ১১৬ রান। পরের ব্যাটাররা বড় স্কোর করতে ব্যর্থ হন। যুবরাজের ইনিংসে ছিল ১১টি চার এবং ৬টি ছক্কার মার, যার একটি আবার টুর্নামেন্টের ইতিহাসের ৪০০তম ছক্কা হয়ে গেছে।

রান তাড়ায় নেমে ৩০ রানের মাঝেই দুই ওপেনার টিম সেইফার্ট (৬) এবং ফিন অ্যালেনকে (৮ বলে ২১) হারায় নিউজিল্যান্ড। তবে এরপর আর পেছনে তাকাতে হয়নি। রাচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপসের ৭৩ বলে অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটিতে মাত্র ১৫.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। রাচিন ৩৯ বলে ৫৯* আর ফিলিপস ৩৬ বলে ৭৬* রানের বিস্ফোরক ইনিংস খেলেন।