নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিজা আক্তার (১৪) নামে মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে গৃহকর্মীর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। লিজা আক্তার ভোলা জেলার চর নিজাম কালকিনি এলাকার নিরব হোসেনের মেয়ে।
স্থানীয় ও প্রতিবেশীরা জানান, বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাবিবা আক্তারের গৃহকর্মী লিজা আক্তার। সে গত এক মাস ধরে শিক্ষিকা হাবিবা আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলো। শিক্ষিকা হাবিবা আক্তার ও তার স্বামী ব্যবসায়ী খন্দকার জগলুল হক রানা বরপা গ্রামের আবু সাউদ ভুঁইয়ার বাড়ির ভাড়াটিয়া।
সোমবার সকালে বাড়ির অন্য ভাড়াটিয়ারা জানালা দিয়ে লিজার ঘরে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে লিজা আক্তারের চাচা শামিম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আপাতত একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।