বর্তমান ডিজিটাল যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাটবট আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ হয়ে পড়ছে। এটি সহজেই তথ্য খুঁজে দেওয়া, লেখালিখি করা, সমস্যা সমাধানে সাহায্য করা, এমনকি ব্যক্তিগত পরামর্শও দিয়ে থাকে। কিন্তু মানুষের মতো এই সফটওয়্যারগুলোর বিচারবুদ্ধি, অনুভূতি বা নৈতিকতা নেই। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, চ্যাটবটের সঙ্গে অতিরিক্ত ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য শেয়ার করা সঠিক নয়। এর কারণে ব্যক্তিগত তথ্য ফাঁস, পরিচয় চুরি, আর্থিক ক্ষতি বা মানসিক নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। জেনে নিন নিরাপদ ব্যবহারের জন্য যে তথ্যগুলো কখনোই এআই চ্যাটবটকে দেওয়া উচিত নয়।
ব্যক্তিগত পরিচয় ও লগইন তথ্য : চ্যাটবটের সঙ্গে আপনার পাসওয়ার্ড, ইমেইল আইডি, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্রের তথ্য বা অন্য কোনো লগইন তথ্য কখনোই শেয়ার করবেন না। এই ধরনের তথ্য অনিচ্ছাকৃতভাবে সংরক্ষিত বা তৃতীয় পক্ষের কাছে চলে গেলে আপনার সুরক্ষায় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
আর্থিক তথ্য : ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য, অনলাইন পেমেন্টের পাসওয়ার্ড ইত্যাদি চ্যাটবটে দেওয়া ঝুঁকিপূর্ণ। এমন তথ্য ফাঁস হলে পরিচয় জালিয়াতি বা সরাসরি আর্থিক ক্ষতির আশঙ্কা থাকতে পারে।
ব্যক্তিগত গোপনীয়তা ও পারিবারিক তথ্য : চ্যাটবট আপনার অনুভূতি বা সম্পর্ক বোঝে না। তাই পারিবারিক কলহ, গোপন সম্পর্ক, বন্ধু বা সহকর্মীর সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না। এসব তথ্য অনলাইনে ফাঁস হলে সম্পর্কের জটিলতা বা সামাজিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে।
চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য : চ্যাটবট শুধু সাধারণ স্বাস্থ্য বিষয়ক তথ্য দিতে পারে। কখনোই এটি চিকিৎসকের বিকল্প নয়। রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, ওষুধ গ্রহণের পরামর্শ বা শারীরিক সমস্যার বিস্তারিত ব্যক্তিগত তথ্য শেয়ার করলে ভুল তথ্যের ঝুঁকি থাকে। এমনকি আপনার গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে।
ব্যক্তিগত সম্পর্ক ও আবেগ : এআই চ্যাটবট মানুষের মতো অনুভূতি বোঝে না। তাই রোমান্টিক বা মানসিক আবেগ সম্পর্কিত ব্যক্তিগত আলাপ এড়িয়ে চলাই নিরাপদ। চ্যাটবটকে ব্যক্তিগত আবেগ বা প্রেমের বিষয় শেয়ার করলে তা অনিচ্ছাকৃতভাবে সংরক্ষিত বা তৃতীয় পক্ষের কাছে পৌঁছাতে পারে।
গোপন তথ্য ও স্বীকারোক্তি : অনেকেই মানসিক চাপ কমাতে বা ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে চ্যাটবটের সাহায্য নেন। কিন্তু মনে রাখতে হবে, এটি একটি সফটওয়্যার যা অনলাইনে তথ্য সংরক্ষণ করে। গোপন তথ্য বা অপরাধমূলক স্বীকারোক্তি শেয়ার করলে তা ভুলভাবে ব্যবহৃত হতে পারে।
প্রকাশ না করার মতো তথ্য : যে তথ্য আপনি সমাজ বা অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করতে চান না, তা কখনো চ্যাটবটে দেবেন না। এমন তথ্য ফাঁস হলে অনলাইন জগতে দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হতে পারে।
নিরাপদ চ্যাটবট ব্যবহারের উপায় : চ্যাটবটে সীমিত তথ্য দিন। সাধারণ, অসংবেদনশীল তথ্য ব্যবহার করুন।
আপনার ব্যক্তিগত তথ্য, অর্থ বা সম্পর্ক সংক্রান্ত তথ্য কখনোই দেবেন না।
গুরুত্বপূর্ণ তথ্য সবসময় নিরাপদ, অফলাইন মাধ্যমে সংরক্ষণ করুন।
যে কোনো সম্ভাব্য ঝুঁকি কমানোর জন্য নিয়মিত লগআউট ও পাসওয়ার্ড পরিবর্তন করুন।
টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন। লগইন নিরাপত্তা বাড়াতে এটি অত্যন্ত কার্যকর।
চিকিৎসা, আইনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে চ্যাটবটের ওপর নির্ভর করবেন না। পরামর্শের জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।
এআই চ্যাটবট আমাদের জীবনকে সহজ করেছে। ব্যবহারকারীর দায়িত্ব হলো নিরাপত্তা বজায় রাখা। সংবেদনশীল তথ্যের ক্ষেত্রে সতর্ক থাকা, নিরাপদ চ্যাটবট ব্যবহার করা এবং ব্যক্তিগত তথ্যকে অনলাইন থেকে সুরক্ষিত রাখা এই তিন নিয়ম মেনে চললে ঝুঁকি ছাড়াই প্রযুক্তির সুবিধা নেওয়া যাবে।