পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম–এর দ্বিতীয় বিয়েকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রাক্তন স্ত্রী সানিয়া আশফাক সামাজিক মাধ্যমে তাঁকে প্রতারণা, সংসার ভাঙা এবং আরও গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছেন। তাঁর ভাষায়, “সে খুনি, আমার কাছে ভিডিও প্রমাণ আছে।”সা
সানিয়ার অভিযোগ সামনে আসে ইমাদের নতুন বিয়ের ঘোষণা দেওয়ার পরপরই। বিপিএল চলাকালীন সানিয়া আশফাককে ডিভোর্স দেয়া ইমাদ সম্প্রতি জানান, তিনি নাইলা রাজা–কে বিয়ে করেছেন। এটি তাঁর সান্নিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই।
ইমাদ এক বিবৃতিতে বলেন, আল্লাহর রহমত ও বাবা–মায়ের দিকনির্দেশনায় তিনি নতুন করে সংসার শুরু করেছেন এবং শান্তি ও স্থিতিশীল জীবন গড়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তিনি আরও বলেন, আগের দাম্পত্য জীবন ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি। তবে সেই সম্পর্ক থেকে পাওয়া সন্তানরাই তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
একই সঙ্গে ইমাদ স্বীকার করেন, অনেক ক্ষেত্রে তাঁর দেরি ও নীরবতা এমন পরিস্থিতি তৈরি করেছে, যাতে একজন নির্দোষ মানুষ অযথা সমালোচনার মুখে পড়েছেন। এজন্য তিনি দায়িত্বও নিয়েছেন।
অন্যদিকে, সানিয়া ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে দাবি করেন, ২০২৩ সালে লাহোরে তাঁকে জোরপূর্বক গর্ভপাত করানো হয়েছিল এবং এ ঘটনার জন্য ইমাদই দায়ী। তিনি আরও অভিযোগ করেন, ইমাদ তাঁর সঙ্গে প্রতারণা করেছেন এবং সন্তানদের ভবিষ্যতের কথাও ভাবেননি।
এ ঘটনায় তিনি পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেড–কেও সরাসরি আক্রমণ করেন। তাঁর অভিযোগ, এমন একজন খেলোয়াড়কে দলে নেওয়া অনুচিত ছিল এবং তিনি দলটি বয়কটের আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেক ব্যবহারকারী ইমাদ ও তাঁর নতুন স্ত্রীকে নিয়ে কঠোর সমালোচনা করছেন।