আজ চাঁদ দেখা গেলে কাল রোজা

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এ সভা হওয়ার কথা রয়েছে। গতকাল মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৬টায় বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। জাতীয় চাঁদ দেখা কমিটিই রোজা কবে হবে, আজ সন্ধ্যায় সেই সিদ্ধান্ত নেবে। দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

সৌদি আরবে রমজান শুরু আজ : সৌদি আরবে গতকাল মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। একই দিনে রোজা শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও। অন্যদিকে আজ রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানের পাশাপাশি তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানে আগামীকাল বৃহস্পতিবার রোজা শুরু হবে। এ ছাড়া একই দিন রোজা শুরুর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান, সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কপর্তৃক্ষও।