মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন মামা ভাগ্নে টুকু-মুহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ ও ৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও এম এ মুহিত মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন। টুকু ও মুহিত সম্পর্কে মামা-ভাগ্নে। এর মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু মামা ও এম এ মুহিত ভাগ্নে। এর আগে তারেক রহমানের মন্ত্রিসভায় যোগ দিতে সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের ফোন করা হয়।

টুকুর ব্যক্তিগত সহকারী মোস্তফা আলাল নোমান তাদের ফোন পাওয়ার তথ্য নিশ্চিত করেন।

টুকু এর আগে খালেদা জিয়ার সরকারে ছিলেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ বার তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তার ভাগ্নে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এম এ মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এরশাদ সরকারের উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী চক্ষু বিশেষজ্ঞ এম এ মতিনের ছেলে।

সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের তরফ থেকে জানা জানা গেছে, এবার টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে তার ভাগ্নে এম এ মুহিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন।