জাতীয় সংসদের নবনির্বাচিত বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে গতকাল মঙ্গলবার ঢাকা সফররত বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর নতুন জাতীয় সংসদ গঠন ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথগ্রহণ উপলক্ষে এই অতিথিরা ঢাকা সফরে আসেন।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক উপমন্ত্রী সীমা মালহোত্রা ও তুরস্কের উপমন্ত্রী বেরিস একিনচি গতকাল মঙ্গলবার আলাদাভাবে বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেন।
বিদেশি অতিথিরা ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় নিজ নিজ সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তার নেতৃত্বে জামায়াতে ইসলামী ঐতিহাসিক ভূমিকা পালন করবে।