বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়েছে, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ হইতে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফার বিধান অনুসারে নির্বাচনী এলাকা ১৯০ ঢাকা-১৭-এর প্রতিনিধিত্ব করিবার ইচ্ছা জ্ঞাপন করিয়া ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের নিকট স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করায়, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হইতে নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ আসন শূন্য বলিয়া ঘোষণা করা হইল।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বিজয়ী হলে তিনি শুধু একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন। বাকিগুলো ছেড়ে দিতে হয়। সে হিসেবে তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।