টেকসই জ্বালানি ও গ্রামীণ কর্মসংস্থান

আনসার ও স্রেডার মধ্যে সমঝোতা

দেশের টেকসই জ্বালানি উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং সবুজ অর্থনীতির বিকাশে কার্যকর অবদান রাখার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (স্রেডা)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রশিক্ষণ সম্প্রসারণ, আধুনিক ল্যাব এবং দক্ষ কর্মী গড়ে তুলে গ্রামীণপর্যায়ে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা জোরদারই এ অংশীদারত্বের মূল লক্ষ্য। গতকাল মঙ্গলবার রাজধানীর স্রেডা অডিটরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্রেডার চেয়ারম্যান ড. মো. মোজাফফ্ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গিজ বাংলাদেশের প্রতিনিধি। সভাপতিত্ব করেন স্রেডার সংশ্লিষ্ট প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক। বক্তারা জ্বালানি রূপান্তর প্রক্রিয়ায় অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দক্ষ জনবল গঠন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষে বক্তৃতাকালে উপমহাপরিচালক (প্রশিক্ষণ) বলেন, ‘টেকসই উন্নয়ন ও জ্বালানি রূপান্তরের এ সময়োপযোগী উদ্যোগে অংশীদার হতে পেরে বাংলাদেশ আনসার ও ভিডিপি গর্বিত।’ তিনি উল্লেখ করেন, দেশের গ্রামীণপর্যায়ে বিস্তৃত বিপুলসংখ্যক সদস্যকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের ক্ষেত্রে এ সমঝোতা স্মারক একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং জাতীয় উন্নয়ন অভিযাত্রায় নতুন গতি সঞ্চার করবে। বিজ্ঞপ্তি