উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার ম্যাচে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ওঠায় খেলা প্রায় দশ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ জানানোর পর রেফারি নির্ধারিত প্রক্রিয়া মেনে খেলা বন্ধ করে দেন। খেলোয়াড়রা সাময়িকভাবে মাঠ ছাড়েন। খেলা শুরুর পর ১-০ গোলে ম্যাচ জিতে নেয় রিয়াল।
লিসবনের এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। গোল উদযাপনের পর আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির সঙ্গে কথোপকথনের জেরে তিনি বর্ণবাদী মন্তব্যের অভিযোগ করেন। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে তখন বর্ণবাদবিরোধী সংকেত দেখিয়ে খেলা থামান। ভিনিসিয়ুস মাঠ ছাড়লে তার সতীর্থরাও বেরিয়ে যান।
প্রায় দশ মিনিট পর খেলা আবার শুরু হয় এবং শেষ পর্যন্ত ১-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত সময়ে গ্যালারি থেকে ছোড়া একটি বস্তু ভিনিসিয়ুসের হাতে লাগে বলেও জানিয়েছে বিবিসি স্পোর্টস। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ভিনিসিয়ুস বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং ঘটনার বিচার চান। অন্যদিকে বেনফিকার স্ট্রাইকার ভ্যাঙ্গেলিস পাভলিদিস সতীর্থ প্রেস্টিয়ান্নির পক্ষ নিয়ে বলেন, বিষয়টি মাঠের উত্তেজনা থেকেও হয়ে থাকতে পারে।
এই ঘটনায় অভিযুক্ত প্রেস্টিয়ান্নি এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, ফুটবল বা সমাজ কোথাও বর্ণবাদের স্থান নেই এবং তারা ভিনিসিয়ুসের পাশে রয়েছে। বর্ণবাদী ঘটনায় ম্যাচ বন্ধ বা বাতিল করার তিন ধাপের নিয়ম চালু রেখেছে উয়েফা, যার সংকেত ব্যবস্থাকে সমর্থন দিয়েছে ফিফা।