ইমরানের স্বাস্থ্যের অবনতির খবরকে 'ভিত্তিহীন প্রচারণা' বললেন মহসিন নাকভি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা ‘ভিত্তিহীন প্রচারণা’ বলে উড়িয়ে দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। 

মঙ্গলবার সংবাদ সম্মেলনে নাকভি বলেন, ইমরান খানের চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষার ফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, “ডাক্তাররা বলেছেন—চিকিৎসা ঠিকভাবেই হয়েছে, আমাদেরও এতে সন্তুষ্টি আছে।”

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী। আগের বছর ক্ষমতা হারানোর পর তাঁকে ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির মামলায় দণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে আরও মামলার রায়ে তাঁর সাজা বাড়তে থাকে। ডিসেম্বরের এক রায়ের পর মোট সাজা দাঁড়ায় ৩১ বছর। বর্তমানে তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের আদিয়ালা কারাগারে আটক আছেন।

সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, ইমরান খানের শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এক চোখে গুরুতর দৃষ্টিশক্তি হ্রাস, পর্যাপ্ত চিকিৎসা না পাওয়া, পরিবারের সঙ্গে সাক্ষাতে কড়াকড়ি এবং মানসিক চাপের অভিযোগও সামনে আসে। তাঁর সমর্থকদের দাবি, মানবিক আচরণ, স্বচ্ছ আইনি প্রক্রিয়া এবং প্রয়োজনে চিকিৎসাজনিত মুক্তি তাঁর প্রাপ্য। সমালোচকদের মতে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা হিসেবে ইমরান খানের রাজনৈতিক অবস্থানই বর্তমান সরকারের সঙ্গে তাঁর দ্বন্দ্বের মূল কারণ। 

এদিকে ইমরানের বোন আলিমা খান আল জাজিরাকে বলেন, ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের একজন প্রতিনিধিকে চিকিৎসার সময় উপস্থিত থাকতে দিতে সরকার অনীহা দেখিয়েছে। তবে নাকভি পাল্টা অভিযোগ করেন, রাজনৈতিক কারণে আলিমা খানই নাকি চিকিৎসা প্রক্রিয়া তিন দিন পিছিয়ে দেন।

নাকভির এই বক্তব্য এমন সময়ে এলো যখন ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ও কপিল দেবসহ মোট ১৪ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তান সরকারকে চিঠি দিয়ে ইমরান খানের যথাযথ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। চিঠিতে ইমরানের নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয় এবং কারাবন্দী অবস্থায় মর্যাদাপূর্ণ আচরণ ও স্বচ্ছ আইনি সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত