জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন সরকার গঠিত হয়েছে। বদলে যাওয়া একটি বাংলাদেশের স্বপ্ন দেখছে জনগন। আশা করছে নিজেদের ভাগ্য পরিবর্তনের। এমন মুহূর্তে জনগনের মৌলিক চাহিদাগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আজ বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে জ্যোতি লিখেছেন, ‘এতো জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি /মারামরি কেন? জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য? কিন্তু আদতে আমরা আছি কেমন? আমরা দেশের মানুষ অনেক বোকা। খালি আমাদের বেসিক প্রয়োজনগুলা নিশ্চিত করে দেন, আমরা কোনো প্রশ্নই তুলবোনা। যেমন শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য হাতের লাগালে রাখা সিম্পল হিসাব!’
জ্যোতি আরও লিখেছেন, ‘একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেও বেশি রোগী, আছে কিছু সংখ্যক নার্স, হাতে গোনা ডাক্তার… তাইলে কেমনে পাবে চিকিৎসা? মাথা ব্যথা আছে? নাই। যে রাস্তা দিয়ে আমরা চলচল করি, (দূরপাল্লার কিছু রাস্তা ছাড়া) মনে হয় সুস্থ সবল মানুষ অসুস্থ্ হয়ে যাবে। বয়স্ক, অসুস্থ্, গর্ভবতী মা- ওদের যে কি অবস্থা হয় আল্লাহ জানেন, এইটা নিয়ে কথা বলেন না!’
শেষে জ্যোতি লিখেছেন, ‘আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা। আমরা সহজে খুশি হয়ে যাই। আমাদের জন্য অনেক অনেক কিছু করা লাগবেনা। আমাদের দৈনন্দিন জিনিসগুলা ঠিক করে দেন, বাকি যা করতে মন চায় করেন না। কে প্রশ্ন করতে যায়?’