কলম্বো থেকে চেন্নাইগামী বিকেলের উড়ান ছাড়ার আগে বিমানবন্দরে পাকিস্তান সমর্থকদের দীর্ঘ সারি। একই সময়ে লাহোর ও করাচিগামী আরও দুটি উড়ান থাকায় চারপাশে ভেসে আসছিল পাকিস্তানের সম্ভাবনা আর ভারতের শক্তি নিয়ে আলোচনা। কয়েকজন সমর্থককে ভারত–পাকিস্তান সম্ভাব্য পুনরায় মুখোমুখি হওয়া নিয়ে জিজ্ঞেস করলে তারা আশাবাদী কণ্ঠে বলেন, ‘ইনশাল্লাহ, হয়ে যাবে… যদি সেটা ঘটে আমরা আবার আসব।’
নামিবিয়ার বিপক্ষে আজ বুধবারের ম্যাচের আগে পাকিস্তানি সমর্থকদের মানসিক পরিস্থিতি এভাবেই ব্যখ্যা করেছে ‘টাইমস অব ইন্ডিয়া’। আজ জিতলেই পাকিস্তানের সুপার এইটে ওঠার পথ খুলে যাবে। জয় বা বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও তারা এগিয়ে থাকবে এবং শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মুখোমুখি হবে। কিন্তু হারলে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হবে। সেক্ষেত্রে ভালো নেট রানরেটের কারণে যুক্তরাষ্ট্র চলে যাবে সুপার এইটে।
ভারতের কাছে হারের পর পাকিস্তান শিবিরে হতাশা থাকলেও কিছু ইতিবাচক দিকও আছে। বিশেষ করে দুই স্পিনার উসমান তারিক ও সাইম আইয়ুব বল হাতে বৈচিত্র্য দেখিয়েছেন। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজও মোটামুটি ভালো ছিলেন, যদিও শাদাব খান ও আবরার আহমেদ প্রত্যাশা পূরণ করতে পারেননি। কাগজে-কলমে নামিবিয়ার দলে এমন কিছু নেই যা পাকিস্তানকে ভয় পাইয়ে দিতে পারে। তবে নিজেদের ভুলে পাকিস্তানের ভেঙে পড়ার ইতিহাস প্রচুর।
বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় কলম্বোর ধীরগতির উইকেটে ম্যাচটি শুরু হতে যাচ্ছে। টস জিতলে আগে ব্যাট করাই পাকিস্তানের জন্য সেরা সিদ্ধান্ত হবে বলে মত বিশেষজ্ঞদের। ম্যাচের আগের দিন পাকিস্তানি বোলার উসমান তারিক বলেছেন, ‘ভুলগুলো ঠিক না করলে কঠিন হয়ে যায়। আমরা কোথায় ঘাটতি ছিল তা নিয়ে আলোচনা করেছি। সেগুলো ঠিক করতে কাজ করব এবং পরের ম্যাচগুলোয় একই ভুল যেন না হয় সেদিকে নজর দেব।’
পাকিস্তানের ব্যাটিং খুব ধারাবাহিক না হলেও নামিবিয়ার বিপক্ষে মনোযোগ ধরে রাখতে পারলে রান তোলা সম্ভব। তবে সবচেয়ে বড় উদ্বেগ প্রধান পেসার শাহিন আফ্রিদির ফর্ম। ভারতের বিপক্ষে তিনি হতাশ করেছেন। নামিবিয়া ম্যাচে তাই একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। তবে তারিক তার সতীর্থ আফ্রিদিকে সমর্থন দিয়ে বলেছেন, ‘ও কোনো বিশেষ চাপে নেই। আমরা শুধু পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। পারফরম্যান্স বদলায়। যদি বোলিং ইউনিট লাইন মিস করে থাকে, আমরা সেগুলো ঠিক করে পরের ম্যাচে উন্নতি করার চেষ্টা করব।’