ক্যাচ মিসের মহোৎসব করে দক্ষিণ আফ্রিকার সহজ জয়

দক্ষিণ আফ্রিকার সঙ্গে আর যাই হোক ক্যাচ মিসের বিষয়টা ঠিক যায় না। দুর্দান্ত ফিল্ডিং প্রোটিয়া ক্রিকেটে ঐতিহ্য। সেই প্রোটিয়ারাই কিনা আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চার চারটি ক্যাচ ফেলল! ক্যাচ মিস করেও অবশ্য তাদের ম্যাচ মিস করতে হয়নি; দুর্বল দলটির বিপক্ষে জয় এসেছে ৬ উইকেটে। এই নিয়ে গ্রুপপর্বে শতভাগ জয় নিশ্চিত করল এইডেন মার্করামের দল।

আজ বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিতে টস জিতে আরব আমিরাতকে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা। ক্যাচ মিসের সুযোগেও ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রানের বেশি যেতে পারেনি দলটি। ৩৮ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন তিনে নামা আলিশান সারাফু। এছাড়া অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম করেন ১২ বলে ২২ রান। চার ব্যাটার দুই অংকেই যেতে পারেননি। প্রোটিয়া পেসার করবিন বোস নেন ১২ রানে ৩ উইকেট।

আমিরাতের ইনিংসের তৃতীয় ওভারেই কাগিসো রাবাদার বলে আর্যাংশ শর্মার ক্যাচ ফেলেন উইকেটকিপার কুইন্টন ডি কক। এরপর কোয়েনা মাফাকার করা পঞ্চদশ ওভারে ব্যাকওয়ার্ড স্কয়ারলেগে আলিশান শারাফুর ক্যাচ ফেলেন আনরিখ নরকিয়া। করবিন বোশের করা পরের ওভারে থার্ডম্যান এলাকায় ক্যাচ দিয়ে ফের জীবন পান শারাফু; তাকে জীবন দেন সেই নরকিয়া। ১৭তম ওভারে কাগিসো রাবাদার বলে মোহাম্মদ রাফানকে জীবন দেন করবিন বোশ।

রান তাড়ায় নেমে আমিরাতকে স্রেফ পাত্তাই দেয়নি দক্ষিণ আফ্রিকা। শুরুতেই ঝড় তোলেন ১১ বলে ২৮ রান করা প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। এরপর রায়ান রিকেলটনের ১৬ বলে ৩০ আর ব্রেভিসের ২৫ বলে ৩৬ রানে ম্যাচ তাদের হাতের মুঠো চলে আসে। ৪০ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় এইডেন মার্করামের দল। টানা তিন ম্যাচ জিতে ‘ডি’ গ্রুপে শীর্ষ দল হিসেবে সুপার এইট আগেই নিশ্চিত করা প্রোটিয়ারা আজ যেন ম্যাচ অনুশীলন করে নিল।