শেরপুরের নকলায় ধানের জমিতে সেচ নাইনের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশি গ্রামে এ ঘটনা ঘটে বলে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান।
নিহতরা হলেন- পোলাদেশি গ্রামের মিরা মিয়ার ছেলে মিন্টু মিয়া (৫৫) এবং একই গ্রামের উবেদ আলীর ছেলে আঙ্গুর (৫০)। গুরুতর আহত একই গ্রামের সামাদ মিয়ার ছেলে সামিরুল (৬০) এর অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয়রা বলছেন, ধানের জমিতে সেচ যন্ত্রের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পড়ে থাকার কারণে প্রথমে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মালিহা মুজাত বলেন, সন্ধ্যার দিকে বিদ্যুৎস্পৃষ্ট তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে বলে ওসি রিপন চন্দ্র জানিয়েছেন।