নারায়ণগঞ্জ আ. লীগ কার্যালয়ে ব্যানার টানানোর কিছুক্ষণ পরেই উধাও

নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট সংলগ্ন মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দেড় বছর পরে ব্যানার টানিয়েছিল নেতাকর্মীরা। বুধবার দুপুরে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের অনুগামী কিছু নেতাকর্মী বন্ধ থাকা কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে দেয়। এসময় তারা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি’ স্লোগান দিয়ে দ্রুত কার্যালয় ত্যাগ করে চলে যায়। তবে এর এক ঘণ্টা পরে সেই কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় ব্যানারটি উধাও হয়ে গেছে।

স্থানীয়রা জানান, কয়েকজন স্থানীয় যুবলীগ কর্মী যারা মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত তারা এসে তড়িঘরি করে কার্যালয়ের সামনে ব্যানার টানার। এরপর তারা ১ মিনিট স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তবে তারা ব্যানার রেখে যান। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে যাওয়ার ঘণ্টাখানেক পরে সেই ব্যানারটি আর দেখা যায়নি।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, এ বিষয় নিয়ে আমাদের দলীয় কোনও সিদ্ধান্ত নেই। আমরা এই বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিবে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এসকল কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেয়ার জোর দাবি করছি।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা বিষয়টি অবগত য়য়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্যে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিক্ষুব্ধ জনতা শহরের ২নং রেলগেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে কার্যালয়টির দরজা জানালা খুলে নিয়ে যায় চোরের দল। এরপর পরিত্যক্ত কার্যালয়টিতে মাদক সেবনসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চলতে থাকায় সামনে টিন দিয়ে আটকে দেয়া হয়।