এমপিদের সম্পদ বিবরণী প্রকাশের আহ্বান টিআইবির

সরকার পরিচালনায় জবাবদিহি নিশ্চিতে সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সবার আয়-ব্যয় ও সম্পদ বিবরণী প্রকাশের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে নির্বাচনে বিএনপির জয়ী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে সংস্থাটি। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান।

ইফতেখারুজ্জামান বলেন, সরকার ও জাতীয় সংসদের দুর্নীতিবিরোধী প্রত্যয়ের প্রথম পদক্ষেপ হিসেবে জুলাই সনদের সম্পূর্ণ দ্বিমতহীন ৭৪ ধারা অনুযায়ী সব জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নিজ ও পরিবারের সদস্যদের আয়-ব্যয় ও সম্পদ বিবরণী বার্ষিক ভিত্তিতে হালনাগাদ করার বাধ্যবাধকতাসহ অনতিবিলম্বে ওয়েবসাইটে প্রকাশের চর্চা নিশ্চিত করতে হবে। এই চর্চা সব খাত ও পর্যায়ের সরকারি কর্মচারী ও অন্যান্য জনবল, যাদের বেতন-ভাতা রাষ্ট্রীয়ভাবে বহন করা হয়, তাদের সবার জন্য প্রযোজ্য করতে হবে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জুলাই অভ্যুত্থান ও সংসদ নির্বাচনের গণরায়ের মূল লক্ষ্য ছিল একটি জনকল্যাণমূলক, সুশাসিত, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। তার মতে, বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা জোট নির্বাচনী ইশতেহার ও প্রচারে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিকসহ যে বিস্তৃত অঙ্গীকার জনগণের কাছে করেছে, সেগুলোর কার্যকর ও ফলপ্রসূ বাস্তবায়নের পূর্বশর্ত হলো দুর্নীতি প্রতিরোধ। সরকারের সর্বোচ্চ পর্যায়ে সদিচ্ছা ও উদ্যোগ থাকলেও দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে কোনো প্রতিশ্রুতিই যথাযথভাবে বাস্তবায়ন সম্ভব হবে না।

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ না করার ঘোষণাকে জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনায় রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখছেন ইফতেখারুজ্জামান। তার মতে, এ সিদ্ধান্ত দুর্নীতি নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কার্যকর উদ্যোগ গ্রহণে নবগঠিত সরকারের প্রতি জনমনে নতুন প্রত্যাশা তৈরি করেছে। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা রূপরেখা ও নির্বাচনী ইশতেহারে সমাজের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদ্ধতিগত ও আইনি সংস্কারের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছে, তা যেন বাস্তবায়িত হয়।