রিজার্ভ চুরির মামলা

৯৩ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ

প্রায় ১০ বছর আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত  প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৯ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত। গতকাল বুধবার এ প্রতিবেদন দাখিলের ধার্য দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন করে এ দিন ধার্য করেন। দেশ-বিদেশে আলোচিত এ মামলায় এ নিয়ে ৯৩ বারের মতো প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনা ঘটে। ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিভিন্ন অ্যাকাউন্টে অন্তত ৮১ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পর একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের পক্ষে অজ্ঞাতনামাদের আসামি করে রাজধানীর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের হয়।