আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। সরকার যে নীতিমালা নির্ধারণ করবে, তা বাস্তবায়নে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতা অপরিহার্য বলেও উল্লেখ করেছেন তিনি।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে আইসিটি বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন নবনিযুক্ত এই মন্ত্রী।
ফকির মাহবুব বলেন, আইসিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে আইসিটি সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য প্রযুক্তির সুবিধা সহজলভ্য করা সরকারের অগ্রাধিকার।
তিনি কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘চলুন আমরা একসঙ্গে কাজ করি।’ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, একটি নতুন ভিশন ও নীতির আলোকে স্বচ্ছ ও গতিশীল পরিবেশে আইসিটি খাতকে এগিয়ে নেওয়াই হবে তার মূল লক্ষ্য।
মন্ত্রী আরও উল্লেখ করেন, নতুন সরকার কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চায়। প্রধানমন্ত্রী কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন এ কথা উল্লেখ করে তিনি বলেন, দৃশ্যমান অগ্রগতি ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।
অনুষ্ঠানে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, আইসিটি বিভাগ দেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্র হিসেবে কাজ করছে। বিভাগটি আইসিটি আইন ও নীতি প্রণয়ন, ডাটা সেন্টার ও হাইটেক পার্ক স্থাপন, ৪৫০টির বেশি ডিজিটাল সেবা প্রদান, স্টার্টআপ ও ইনোভেশন সহায়তা, সাইবার নিরাপত্তা জোরদার এবং দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি মন্ত্রীর দিকনির্দেশনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সরকারের নীতিমালা বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।